আসন্ন নির্বাচনকে ঘিরে রাজধানীর পাড়া-মহল্লা ও অলিগলিতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গতকাল শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অধিকাংশ ভোটার নিজ নিজ এলাকায় অবস্থান করছিলেন। এই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা ফজরের পর থেকেই ভোটারদের সঙ্গে দেখা করতে ছুটে যান। তাদের সরব পদচারণায় দিনভর ব্যস্ত সড়ক থেকে শুরু করে শহরের আনাচে-কানাচে মুখরিত ছিল নির্বাচনী প্রচারণার আমেজে।
সকাল থেকেই পাড়া-মহল্লার চায়ের দোকান, মোড়ের আড্ডা কিংবা বাসার গেটের সামনে প্রার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কেউ সরাসরি ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন, কেউ আবার তাদের অভিযোগ ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন। অনেক প্রার্থী নিজ দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে গণসংযোগ করেন, আবার কেউ ছোট ছোট পথসভার আয়োজন করে নিজেদের নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রতিশ্রুতি তুলে ধরেন। ধানের শীষ, হাতপাখা, ফুটবল, হাঁসসহ বিভিন্ন নির্বাচনী প্রতীক নিয়ে মিছিল-সমাবেশও দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়।
ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শাহজাহানপুরের আমতলা জামে মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিনি আরামবাগ, মতিঝিল, রমনা কালীমন্দিরসহ আসনটির বিভিন্ন এলাকায় গণসংযোগ ও অনুষ্ঠানে অংশ নেন। এদিকে, ঢাকা-১৭ আসনে বিএনপির ‘তারুণ্যের শক্তি’র নেতাকর্মীরা বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সকালে নিয়মিত মর্নিং ওয়াক-এ অংশ নেওয়া স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
মিরপুরের পল্লবী স্টেশনের সামনে থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল হক। অন্যদিকে, ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ মাহমুদুর রহমান সৈকতের বাসা থেকে গণসংযোগ শুরু করেন। ‘মায়ের ডাক’ এর সংগঠক ও ঢাকা-১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলি দিনব্যাপী তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়াও ঢাকা-৪ আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন জুরাইন থেকে, ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বংশাল থেকে এবং ঢাকা-৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বাসাবো থেকে তাদের গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি এবং স্বতন্ত্র প্রার্থীরাসহ অন্যান্য দলের প্রার্থীরাও দিনভর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। গতকাল রাজধানীর অন্যান্য নির্বাচনী আসনগুলোতেও একই ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত ছিল, যা নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে।
রিপোর্টারের নাম 


















