আসন্ন গণভোটকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাতে গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক সমাবেশ করে সংগঠনটি। এসময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি এ আহ্বান জানান। একই সাথে তারা জুলাই অভ্যুত্থানের পর ক্যাম্পাসে নিহত ছাত্র সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবি করেন।
প্রচারণা সভায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেন, গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে দেশের মানুষ অবগত। তিনি অভিযোগ করেন, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাফি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণ একটি ইতিবাচক পরিবর্তন ও নতুনত্ব প্রত্যাশা করছে। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐকমত্য কমিশন গঠন করে এবং বিভিন্ন সংস্কার প্রস্তাবনা উত্থাপন করে। তবে, বিএনপি ওই প্রক্রিয়ায় ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে তা বাধাগ্রস্ত করে। এর ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন করে গণভোটের আয়োজন করতে হচ্ছে। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষেই রয়েছে এবং প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে অংশ নেওয়া। তিনি উল্লেখ করেন, যারা হীন প্রচেষ্টায় লিপ্ত হয়েছে, তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে এবং বাংলাদেশের মানুষ জয়ী হবে, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হবে।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান তার বক্তব্যে বলেন, তারা ছাত্রদের মধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সারা দেশব্যাপী প্রচার কার্যক্রম চালাচ্ছেন। এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় একটি কর্মসূচিতে অংশগ্রহণের পর তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তিনি ইবির সকল সাধারণ ছাত্রদের প্রতি আগামী ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরির আহ্বান জানান। জাহিদ আহসান বলেন, “আগামী নির্বাচনে যেন ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়—এই আমানত আপনাদের কাছে রেখে গেলাম।” এছাড়াও তিনি জুলাই অভ্যুত্থানের পর এই ক্যাম্পাসে নিহত ছাত্র সাজিদ আব্দুল্লাহর হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি জানান। তিনি বলেন, “একজন ছাত্র, আমাদের ভাই—তার হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে।” পরিশেষে, তিনি ‘হ্যাঁ’ ভোটের জয় নিশ্চিত করা এবং সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার—এই দুটি দাবি ছাত্রসমাজের কাছে তুলে ধরেন।
রিপোর্টারের নাম 


















