আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঝিনাইদহ ও মাগুরা জেলার মোট ছয়টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান এবং মানবপাচার রোধে বিজিবি সদস্যরা কঠোর নজরদারি অব্যাহত রাখবে।
সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম আরও জানান, নির্বাচন উপলক্ষে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান নিশ্চিত করা হবে এবং যেকোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি তার দায়িত্ব পালনে বদ্ধপরিকর।
বিজিবি সূত্রে জানা গেছে, আগামী ২৯ জানুয়ারি থেকে এই ১৫ প্লাটুন বিজিবি সদস্য ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তাদের কার্যক্রম শুরু করবে। এছাড়াও, এই দুই জেলায় মোট ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হবে, যা নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।
রিপোর্টারের নাম 


















