আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, চলতি আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে, বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমী লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এই বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে।
রবিবার ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় এই পূর্বাভাস চূড়ান্ত করা হয় এবং পরবর্তীতে তা আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম।
পূর্বাভাস অনুযায়ী, এই মাসে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে ২৮০-৩২০, ৩৪০-৩৮০, ৪৮০-৫২০, ৪৫০-৪৯০, ২৪০-২৬০, ৩৫০-৩৯০, ২৬০-৩০০ এবং ৩৮০-৪২০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। মাসজুড়ে ৫-৬ দিন বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে এবং কোথাও কোথাও ১-২টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অনুভূত হতে পারে।
কৃষি আবহাওয়ার হিসাবে, দৈনিক গড় বাষ্পীভবন ২.৫ থেকে ৪.৫ মিলিমিটার এবং সূর্যকিরণকাল ২.৫ থেকে ৪.৫ ঘণ্টা থাকতে পারে, যা আমন ধানসহ চলমান কৃষিকাজের জন্য সহায়ক হবে। বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর মডেল, ঊর্ধ্বাকাশের বিশ্লেষণ এবং এল-নিনো ও লা-নিনার অবস্থা যাচাই করেই এই পূর্বাভাস তৈরি করা হয়েছে।
সভায় জানানো হয়, বিদায়ী জুলাই মাসে সারা দেশে গড়ে ৬৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৩৫.৬% বেশি। ময়মনসিংহ ব্যতীত সকল বিভাগেই বৃষ্টিপাত স্বাভাবিকের মাত্রা ছাড়িয়েছে।
রিপোর্টারের নাম 





















