আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে জনমনে নানা কৌতূহল ও জিজ্ঞাসা তৈরি হয়েছে। বিশেষ করে সঠিক প্রার্থী নির্বাচনে ইসলামের দৃষ্টিভঙ্গি ও করণীয় সম্পর্কে জানতে আগ্রহী অনেকেই। এই প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত এবং একজন সচেতন নাগরিকের দায়িত্ব কী হওয়া উচিত—সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও স্কলার শায়খ আহমাদুল্লাহ।
সম্প্রতি নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় শায়খ আহমাদুল্লাহ বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হতে হবে প্রার্থীর সততা ও যোগ্যতা। তিনি সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রার্থী বাছাইয়ের সময় নিজের বিবেককে প্রশ্ন করুন যে, কাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে এবং কে প্রকৃত অর্থেই যোগ্য। যদি কেউ আন্তরিকভাবে সঠিক প্রার্থী খুঁজে বের করার চেষ্টা করেন এবং এরপরও দেখা যায় যে নির্বাচিত ব্যক্তি আশানুরূপ নন, তবে সেই ভুলের জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে না। কারণ তার নিয়ত ও চেষ্টা সঠিক ছিল।
আমাদের দেশের সাধারণ ভোটারদের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই এমন প্রার্থীকে ভোট দেওয়া মানেই ‘ভোট নষ্ট করা’। এই ধারণার বিরোধিতা করে শায়খ আহমাদুল্লাহ বলেন, ভোট কখনো নষ্ট হয় না। একজন সৎ ও ভালো মানুষ যদি অল্প ভোটও পান, তবে সেই জনমতের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে তার ভালো কাজের ভিত্তি তৈরি হয়। পক্ষান্তরে, যোগ্য প্রার্থী হারবে জেনে যদি কোনো খারাপ মানুষকে ভোট দেওয়া হয়, তবে সমাজে অযোগ্য ও অসৎ মানুষের আধিপত্য আরও বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হয়।
নির্বাচনে প্রার্থীকে জেতানোই ভোটারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় উল্লেখ করে এই স্কলার বলেন, কাউকে জেতানো বা হারানো আপনার মূল দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হলো নিজের মতামত দেওয়ার সময় সবচেয়ে যোগ্য ব্যক্তিটিকে বেছে নেওয়া। এটি একটি আমানত, যা রক্ষা করা প্রতিটি নাগরিকের নৈতিক ও ধর্মীয় কর্তব্য।
শায়খ আহমাদুল্লাহ আরও জোর দিয়ে বলেন, ভোট দেওয়ার সময় প্রার্থীর ব্যক্তিগত স্বার্থের চেয়ে ইসলাম, মুসলিম উম্মাহ এবং দেশের সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। যে প্রার্থীকে নির্বাচিত করলে দেশের উন্নয়ন হবে এবং দুর্নীতি ও চুরি-ডাকাতি বন্ধ হবে, তাকেই সমর্থন দেওয়া উচিত।
সবশেষে তিনি ভোটারদের সতর্ক করে বলেন, সামান্য কিছু টাকা বা পার্থিব লাভের লোভে পড়ে নিজের মূল্যবান আমানত ভুল জায়গায় ব্যয় করা চরম দায়িত্বজ্ঞানহীনতা। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি মনে করিয়ে দেন যে, আল্লাহ তায়ালা আমানতকে তার সঠিক প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাই পরকালীন জবাবদিহিতার কথা মাথায় রেখে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়াই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।
রিপোর্টারের নাম 

























