ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু হওয়ার পর মাইক ও শব্দবর্ধক যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহারের সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি শব্দের মানমাত্রা এবং জনসভায় ব্যবহৃত মাইক্রোফোনের সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, কোনো নির্বাচনী এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্য কোনো যন্ত্র ব্যবহার করা যাবে। নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে প্রচার পরিচালনাকারী সকলকেই এই নিয়ম মেনে চলতে হবে।
একই সঙ্গে, কোনো একক জনসভায় তিনটির বেশি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। তবে সাধারণ প্রচারের জন্য ব্যবহৃত মাইক্রোফোন বা লাউডস্পিকারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলে জানিয়েছে ইসি। নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত মাইক বা শব্দবর্ধক যন্ত্রের শব্দের মানমাত্রা কোনোভাবেই ৬০ ডেসিবেলের বেশি হতে পারবে না, এমন নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম গত ২১ জানুয়ারি দিবাগত রাত ১২টার পর, অর্থাৎ ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত তাদের প্রচার কার্যক্রম চালাতে পারবেন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো পোস্টারবিহীন প্রচারণা শুরু হয়েছে, যা পরিবেশবান্ধব নির্বাচনের দিকে একটি নতুন পদক্ষেপ।
রিপোর্টারের নাম 
















