আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নেতাদের মাজার জিয়ারত শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যের জয় লাভের কোনো বিকল্প নাই।” তিনি সারাদেশের জনগণকে এই জোটকে ভোট দেওয়ার আহ্বান জানান। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নেতা বলেন, “আমরা সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি – আপনারা ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন, ১০ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৩০ জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান।” সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং ১০ দলীয় ঐক্যজোট সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থানের কথা বলবে, সংস্কারের কথা বলবে এবং দেশের সার্বভৌমত্বের কথা বলবে বলেও তিনি জানান।
একটি প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, “আমরা যেকোনো মূল্যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা চাই। এবং সেই নির্বাচনে জয় লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা।”
নির্বাচন কমিশন এবং সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এনসিপি নেতা বলেন, “সরকারের জায়গা থেকে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। আমরা বিভিন্ন সময় বলে এসেছি – তারা একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে।” তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচার শুরুর নিয়ম না থাকলেও একটি বিশেষ দল প্রচার চালিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য জাতীয় নাগরিক পার্টিকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম আরও বলেন, “নিরপেক্ষতা থাকতে হলে নিরপেক্ষ আচরণ করতে হবে।”
জাতীয় নাগরিক পার্টি সংস্কার, ন্যায়বিচার এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, “যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন ১২ই ফেব্রুয়ারি যাতে নিশ্চিত হয় সেজন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো।”
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর এনসিপি নেতারা ‘মার্চ ফর জাস্টিস’ নামে তাদের নির্বাচনী যাত্রা শুরু করেন, যা মতিঝিলে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 





















