ঢাকা-১৮ আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদের সেবা করবেন, তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। ৩৮ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরখান এলাকার শাহ কবির (র.) মাজার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরুর প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
করোনাকালীন সময়ের কথা স্মরণ করে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, সে সময় যখন মানুষ প্রিয়জনের মৃতদেহ স্পর্শ করতেও ভয় পাচ্ছিল, তখন তিনি এবং তার দল তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজখবর নিয়েছেন এবং সাধ্যমতো সহায়তা করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো ধরনের শোডাউন বা মিছিল করা হবে না। তাদের নেতা তারেক রহমানের লক্ষ্য একটি মানবিক দেশ গড়া, আর তা বাস্তবায়নের জন্য জনজীবনে কোনো অসুবিধা সৃষ্টি করা যাবে না।
তিনি আরও বলেন, যদি জনগণ তাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে দলের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’, ‘ফারমার্স কার্ড’ এবং ‘হেল্থ কার্ড’ চালু করা হবে। এছাড়া, ১৮ মাসের মধ্যে সারা দেশ থেকে দেড় কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার একটি সুনির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, উত্তরখান থানা এলাকার ৪৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে বয়স্ক নারী-পুরুষ এবং তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগে উত্তরখান থানা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বকুল সভাপতিত্ব করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জামির হোসেন, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহ-সভাপতি মোস্তফা কামাল হৃদয়, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি মো. শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, আওলাদ হোসেন, মো. আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উদ্দিন, আলমাছ আলী, চান মিয়া বেপারী এবং খিলক্ষেত, বিমানবন্দর, ভাটারা থানাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















