নির্বাচন কমিশন (ইসি) সরকারের পক্ষ থেকে নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কমিশন একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দিচ্ছে, এমন অভিযোগ তারা আগেও করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজার ও শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ‘২৪-এর অভ্যুত্থানসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার জন্মভূমি। তাই এই ঐতিহাসিক স্থান থেকেই তারা তাদের নির্বাচনি যাত্রা শুরু করেছেন। এবারের নির্বাচনকে তারা আধিপত্যবিরোধী যাত্রা হিসেবে অভিহিত করেন। তিনি জানান, নতুন মাফিয়াদের বিরুদ্ধে দশ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশবাসীর প্রতি তিনি দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান জানান।
অন্যদিকে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আসন্ন নির্বাচনে বিচার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা। ‘২৪-এর আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং শহীদ ওসমান হাদীর বিচার নিশ্চিত করা হবে।
চার নেতার কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রচারণা শুরু করেছে।
রিপোর্টারের নাম 
























