ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকার নির্বাচনের নামে জাতির সঙ্গে কেবল প্রহসনই করেছে। সেই সময়ে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অতীতে আমরা দেখেছি, ভোটের দিন কেন্দ্রগুলোতে ভোটারদের পরিবর্তে ছাগল চরে বেড়াত। তবে এবার আর সেই সুযোগ নেই। আগামী নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি কেন্দ্র মুখর হয়ে উঠবে। দেশে এই প্রথমবারের মতো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত গণভোট বিষয়ক এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একই সঙ্গে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তিনি উল্লেখ করেন, গণভোট বা রেফারেন্ডামের মাধ্যমে একটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায় এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটে। এই গণভোটে জনগণের রায় প্রতিফলিত হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এর ফলে দেশবাসী সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে মুক্তি পাবে এবং ভবিষ্যতে দেশে আর কোনো স্বৈরশাসকের উত্থান ঘটার সুযোগ থাকবে না।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সভায় বক্তারা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 




















