বরিশাল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোয়াযযম হোসাইন হেলাল। মঙ্গলবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে নেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থে চরমোনাই পীরের উত্তরসূরি মুফতি ফয়জুল করীমের সম্মানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বরিশাল জেলা ও মহানগর জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মোয়াযযম হোসাইন হেলালের সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর মোয়াযযম হোসাইন হেলাল জানান, একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্য অর্জনে পারস্পরিক আস্থা ও ভালোবাসার জায়গা থেকে মুফতি ফয়জুল করীমকে সমর্থন দিয়ে তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। একইসঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ফয়জুল করীমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং তাকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।
তবে বরিশাল-৫ আসনে ছাড় দিলেও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াত তাদের শক্ত অবস্থান বজায় রাখছে। মোয়াযযম হোসাইন হেলাল স্পষ্ট করেন যে, বাকেরগঞ্জ আসন থেকে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করবেন না। ওই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাল্টা কোনো ছাড় দেবে কি না, তা একান্তই তাদের সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেন তিনি।
রিপোর্টারের নাম 




















