বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান। সংশ্লিষ্ট আদালতের বিচারক সুমন কর্মকার বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। বিচারক বিষয়টি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ জানুয়ারি একটি ধর্মীয় সভায় (ওয়াজ মাহফিল) মুফতি আমির হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সম্পর্কে কুরুচিপূর্ণ এবং কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন মন্তব্য করেন। সম্প্রতি সেই বক্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বাদীপক্ষের দাবি, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে বিএনপির জনসমর্থন বৃদ্ধি পাওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে মুফতি আমির হামজা জিয়া পরিবারের সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে আপত্তিকর বক্তব্য দিয়ে আসছেন। এসব বক্তব্য শহীদ জিয়া পরিবার ও বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে সংক্ষুব্ধ হয়েই ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান বাদী।
এদিকে মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা মুফতি আমির হামজার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জিয়া পরিবারের সদস্যদের নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দেশের মানুষ আর বরদাশত করবে না। অবিলম্বে অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।
রিপোর্টারের নাম 
























