বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে যে নতুন বাংলাদেশের পথচলা শুরু হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষায় এই গণভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন গণভোটের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এই সভার আয়োজন করা হয়।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের মানুষ এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই কাফেলা জুলাই বিপ্লবের চেতনার পক্ষে এবং নতুন বাংলাদেশের পক্ষে। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশে আর কখনো গুম, আয়নাঘর বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটবে না। একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবেন।
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি রাষ্ট্রের মৌলিক সংস্কার ও পরিবর্তনের সপক্ষে রায় দিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট প্রদান করা জরুরি। তিনি আরও বলেন, যারা জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার এবং ফ্যাসিবাদের অবসানের পক্ষে, তারা স্বাভাবিকভাবেই ‘হ্যাঁ’ ভোট দেবেন। অন্যদিকে, যারা স্বৈরাচারী ব্যবস্থাকে সমর্থন করে, তারাই কেবল এই প্রক্রিয়ার বিরোধিতা করবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গণভোটের প্রচারণার অংশ হিসেবে একটি বিশেষ ‘ভোটের গাড়ি’র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পুনরায় আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের রায় প্রদান করে জুলাই সনদকে সমুন্নত রাখবে।
রিপোর্টারের নাম 















