ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি এই ব্যাখ্যা প্রদান করেন।
লিখিত জবাব দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামুনুল হক। তিনি দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করলেও, নিজ নির্বাচনী এলাকার জন্য কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাননি। তার কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কোনো প্রচারণায় অংশ নেননি বলেও মন্তব্য করেন।
নির্বাচন কমিশন এখন মাওলানা মামুনুল হকের দেওয়া ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। এই পর্যালোচনার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ইসির সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মাওলানা মামুনুল হককে এই কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন। নোটিশে উল্লেখ করা হয়, গত ১৩ জানুয়ারি বিকেলে ইসি ভবনের সামনে মামুনুল হক তার অনুসারীদের নিয়ে লিফলেট বিতরণ করেন, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
কমিশনের মতে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে। ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে এ ধরনের কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৩ ও ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই অভিযোগের প্রেক্ষিতেই তাকে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
রিপোর্টারের নাম 

























