চট্টগ্রামে ‘জুলাইযোদ্ধা’ পরিচিত হাসনাত ও মাহিনের উপর ছুরিকাঘাত ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি এই হামলার জন্য ক্ষমতাসীনদের মদদপুষ্ট একটি গোষ্ঠীকে দায়ী করেছেন এবং ঘটনাটিকে দেশের ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ হিসেবে অভিহিত করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অলি জানান, গত ১৬ জানুয়ারি মধ্যরাতে চন্দনাইশ উপজেলায় এই হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর’ হিসেবে পরিচিত বেনজিরের ক্যাশিয়ার এবং ‘জুলাই ছাত্র হত্যা মামলার আসামি’ জসীম বাহিনীর সদস্যরা সংবাদ সম্মেলন ও মানববন্ধনে অংশগ্রহণের জের ধরে এই আক্রমণ করে।
কর্নেল অলি তার বিবৃতিতে বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও তাদের স্বরূপ প্রকাশ করেছে এবং এর দায়ভার বিএনপিকে বহন করতে হবে। তিনি আরও অভিযোগ করেন যে, বিএনপি কিছু দালালকে আশ্রয় দিয়ে দেশের নিরীহ জনগণের উপর অত্যাচার শুরু করেছে। এই পরিস্থিতিতে বিএনপি’র নীরবতাকে তিনি প্রশ্নবিদ্ধ করেন এবং বলেন, যদি বিএনপি জুলাইযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করতে চায়, তবে এসব হামলাকারী ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা উচিত।
এলডিপি প্রেসিডেন্ট আরও বলেন, জুলাইযোদ্ধাদের উপর আক্রমণ আসলে যারা বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করেছে, সেই সকল ব্যক্তির প্রতি অবমাননা। তিনি মনে করেন, এই হামলা দেশের মুক্ত বাতাসের নিঃশ্বাস নেওয়ার সুযোগের প্রতিও অসম্মান প্রদর্শন।
রিপোর্টারের নাম 

























