লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই মামলাকে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ ও ‘হয়রানিমূলক’ হিসেবে আখ্যায়িত করেছে দলটি।
শনিবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ড. কর্নেল (অব.) অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং দেশের একজন বর্ষীয়ান ও মর্যাদাসম্পন্ন রাজনীতিবিদ। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হয়েছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদের বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে হয়রানি করার লক্ষ্যেই এই ভিত্তিহীন মামলা সাজানো হয়েছে বলে দাবি করেন জামায়াত নেতা। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।
উল্লেখ্য, গাড়িতে হামলার অভিযোগ এনে ড. কর্নেল (অব.) অলি আহমদসহ ১২ জনের নাম উল্লেখ করে চট্টগ্রামের সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। গত ১১ জানুয়ারি রাতে চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু বাদী হয়ে এই এজাহারটি দাখিল করেন।
রিপোর্টারের নাম 

























