সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শ্রদ্ধা জানাতে আগামীকাল শুক্রবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। বেলা আড়াইটায় শুরু হতে যাওয়া এই শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্য উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের (কেআইবি) থ্রিডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোকসভার বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই নাগরিক শোকসভায় তাঁর পরিবারের সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাঁরা অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে সম্মতি প্রদান করেছেন। এই শোকসভায় দেশের বিশিষ্ট নাগরিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সমাজের নানা স্তরের মানুষ উপস্থিত থেকে মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
সংবাদ সম্মেলনে শোকসভার প্রস্তুতি ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্টজনেরা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
এছাড়াও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও সাংবাদিক আশরাফ কায়সারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বক্তারা দলমত নির্বিশেষে সকলকে এই নাগরিক শোকসভায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























