ভারতকে দেওয়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টসহ অন্যান্য চুক্তির বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে ভারতের সঙ্গে করা বৈষম্যমূলক ও বাতিলযোগ্য সুবিধাগুলো বাতিলেরও নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেন।
রিটে পররাষ্ট্র, অর্থ ও তথ্য মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
পরে রিটকারী আইনজীবী মোহাম্মদ আজিজুল হক জানান, এর আগে একই বিষয়ে গত ১৭ এপ্রিল সরকার সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশে উল্লেখ ছিল, নোটিশ পাওয়ার পরও সরকার যদি ভারতকে দেওয়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট সুবিধা এবং বৈষম্যমূলক চুক্তি বাতিলে কোনো পদক্ষেপ না নেয়, তবে উচ্চ আদালতে প্রতিকার চেয়ে রিট দায়ের করা হবে। কিন্তু নোটিশের পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এই রিটটি দায়ের করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটটির ওপর শুনানি হবে।
তিনি আরও উল্লেখ করেন, ‘ভারত এরই মধ্যে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এখন বাংলাদেশের জনগণও চাইছে ভারতকে দেওয়া সব সুবিধা বাতিল করা হোক।’
রিপোর্টারের নাম 






















