চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার সব আসামির ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশে মামলাটির তদন্ত বর্তমানে চলছে। এই গুরুত্বপূর্ণ সময়ে আসামিরা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে, তা নিশ্চিত করার জন্যই রমনা থানা থেকে দেশের সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, আদালতের নির্দেশ মেনে মামলার তদন্ত এখন খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই আসামিদের দেশ ছাড়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। শুরু থেকেই তার সাবেক স্ত্রী সামিরা হক এটিকে আত্মহত্যা বলে দাবি করে এলেও, সালমান শাহর পরিবার এটি মানতে রাজি ছিলেন না। তারা বরাবরই দাবি করে এসেছেন যে, অভিনেতাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
দীর্ঘ ২৯ বছর পর অভিনেতার অপমৃত্যু মামলাটি অবশেষে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। গত ২০ অক্টোবর আদালত মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে এটি হত্যা মামলায় রূপ নেয়। আদালতের নির্দেশের একদিনের মধ্যেই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
সালমান শাহ হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি হিসেবে রয়েছেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রিজভী আহমেদ ফরহাদ।
রিপোর্টারের নাম 

























