রাজধানীর বাড্ডা এলাকায় চাঁদার দাবিতে একটি নির্মাণাধীন ভবনে গুলি চালিয়েছে একদল সন্ত্রাসী। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এর ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিসে গুলির খবর ছড়ালেও, পুলিশ নিশ্চিত করেছে যে এটি সঠিক নয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনসিপির অফিসে গুলির যে খবর ছড়িয়েছিল, তা ভুল। বরং একটি ডেভেলপার প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়েছে।
জানা গেছে, ‘রয়েল মিশন’ নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান ওই এলাকায় ভবন নির্মাণের কাজ করছে। বেশ কিছুদিন ধরে চাঁদাবাজরা এই প্রতিষ্ঠানের মালিকপক্ষের কাছে ফোনে চাঁদা দাবি করে আসছিল এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল।
ওসি আরও জানান, গতকাল রাতে ‘মেহেদী’ নামে এক ব্যক্তির অনুসারী পরিচয়ে দুর্বৃত্তরা নির্মাণাধীন ভবনটির সামনে এসে অতর্কিত গুলি চালায়। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত মেহেদী ও তার গ্রুপের সদস্যদের চিহ্নিত করতে এবং তাদের ধরতে অভিযান শুরু করেছে। ওসি আরও জানান, মূল অভিযুক্ত মেহেদী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এ ঘটনায় একটি বিশেষ দল কাজ করছে।
এদিকে, এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানান, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে তাদের সাংগঠনিক অফিসের পাশেই গুলির ঘটনাটি ঘটেছে। তবে এটি কোনো নির্বাচনি অফিস বা নাহিদ ইসলামের ব্যক্তিগত অফিস নয়। তিনি আরও উল্লেখ করেন যে, এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে।
রিপোর্টারের নাম 























