জুলাই অভ্যুত্থানের পর পীর সাহেব চরমোনাই ঘোষিত ইসলামপন্থীদের ‘একবক্স নীতি’তে অবিচল থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ঘোষিত এই নীতির রূপরেখা ও ধরণ দ্রুতই স্পষ্ট হবে এবং এ বিষয়ে পারস্পরিক আলোচনা অব্যাহত রয়েছে।
বুধবার বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পীর সাহেব চরমোনাইয়ের সেই ঘোষণা অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো তাদের নীতিতে অটল থেকে কাজ করে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, “আমাদের পারস্পরিক আলোচনা চলমান। ইনশাআল্লাহ দ্রুতই একবক্স নীতির রূপরেখা ও ধরণ পরিষ্কার হবে।” তিনি জানান, রাজনৈতিক মহল, সাংবাদিক ও দেশপ্রেমিক জনতার মধ্যে ইসলামপন্থার এই ‘একবক্স নীতি’ নিয়ে যে আগ্রহ দেখা যাচ্ছে, তা দেশ ও ইসলামের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। তিনি আশা প্রকাশ করেন, জাতির এই প্রত্যাশা পূরণ হবে।
দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ দলের কেন্দ্রীয় নেতারা।
রিপোর্টারের নাম 























