চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্ধারিত সময়ের আগে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার অভিযোগে তাকে এই নোটিশ প্রদান করেছে নির্বাচন কমিশন। আগামী ১৯ জানুয়ারির মধ্যে তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ‘প্রিয় আনোয়ারা’ নামক একটি ফেসবুক পেজে প্রচারিত ভিডিওতে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নির্ধারিত নির্বাচনী প্রচারণার সময়ের আগেই ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি (ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি) ওই ভিডিওটি যাচাই-বাছাই করে এর সত্যতা পেয়েছে। কমিটির কাছে ভিডিওটির সংরক্ষিত অনুলিপি রয়েছে।
কমিটির চেয়ারম্যান শাহরিয়ার শামস গত মঙ্গলবার এই নোটিশ জারি করেন। তবে বিষয়টি জনসম্মুখে আসে বুধবার বিকেলে।
নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী হিসেবে এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫ এর বিধি-৩ ও বিধি-১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায়, তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, সে বিষয়ে তাকে অথবা তার মনোনীত প্রতিনিধিকে আগামী ১৯ জানুয়ারি বেলা ১১টায় চট্টগ্রামের সিনিয়র সিভিল জজ তৃতীয় আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে এই কারণ দর্শানোর নোটিশ জারি করে জারির প্রতিবেদন অতিসত্বর সংশ্লিষ্ট কার্যালয়ে প্রেরণের জন্য আনোয়ারা থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ প্রদান করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























