ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা হ্যাপির দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামে স্বামীর বাড়িতে তাকে সমাহিত করা হয়।
এর আগে, একই দিন বাদ জোহর রাজধানীর ডেমরায় মরহুমার বাবার বাড়ির নিকটস্থ শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ দাউদকান্দিতে নিয়ে আসা হলে সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফেরদৌস আরা হ্যাপি তীব্র মাইগ্রেনের ব্যথায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টার দিকে ব্রেইন স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যক্তিগত জীবনে ফেরদৌস আরা হ্যাপি এক কন্যাসন্তানের জননী ছিলেন। তার স্বামী মো. শাহজাহান দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
মেধাবী এই কর্মকর্তা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার এই অকাল প্রয়াণে সহকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























