নেত্রকোণার খালিয়াজুরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক তাজুল ইসলাম ওরফে গেদু ফকির (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত তাজুল ইসলাম উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামের মৃত তৈয়ব আলী ফকিরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ৮ জানুয়ারি দুপুরে চাকুয়া ইউনিয়নের বল্লী–বাগানবাড়ী বাঁধ এলাকায় গেদু ফকিরের ওপর হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাঁকে একা পেয়ে লাঠিসোঁটা দিয়ে অতর্কিত আক্রমণ করে। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহতের প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বল্লী গ্রামের আনোয়ার মির্জার ছেলে স্বপন মির্জার নেতৃত্বে চারজন মিলে এই হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। হামলায় গেদু ফকির গুরুতর আহত হয়ে শয্যাশায়ী ছিলেন। তবে অভিযুক্ত স্বপন মির্জা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, হামলার কোনো ঘটনা ঘটেনি এবং ওই কৃষক শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























