বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দেশের যুব সমাজকে দক্ষ করে তুলতে সারাদেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বেকার যুবক-যুবতীদের জন্য দ্রুত বিদেশে চাকরির সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়েছেন। এ লক্ষ্যে দেশি-বিদেশি প্রশিক্ষকদের সমন্বয়ে দেশের বিভিন্ন স্থানে অত্যাধুনিক ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের তাগিদ দিয়েছেন তিনি। এর মাধ্যমে দেশের যুবকরা বিভিন্ন বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দ্রুত কিভাবে বাড়ানো যায় এবং এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান আরও জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে বিদেশে কর্মসংস্থানের জন্য কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়। এ জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ ব্যবস্থা এবং এই ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 




















