শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের একটি নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তুলেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই ঘটনার নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, ওয়াশিংটন এই নজির তৈরির জন্য ভুগতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আরাঘচি বলেন, ‘ইরানের উপকূল থেকে ২ হাজার মাইল দূরে সমুদ্রের মাঝে যুক্তরাষ্ট্র এক নৃশংসতা চালিয়েছে। ভারতীয় নৌবাহিনীর অতিথি হিসেবে থাকা এবং প্রায় ১৩০ জন নাবিকবাহী রণতরি ডেনা আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে কোনও সতর্কতা ছাড়াই হামলার শিকার হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার কথা মিলিয়ে নিয়েন: যুক্তরাষ্ট্র এই যে নজির তৈরি করলো, সেটির জন্য তাদের তিক্ত অনুশোচনা করতে হবে।’
মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ভারত মহাসাগরে একটি আমেরিকান সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ে ইরানি রণতরি আইআরআইএস ডেনা ডুবিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে তাদের বিস্তৃত যুদ্ধের অংশ হিসেবেই এই কাজ করেছে বলে জানানো হয়েছে।
মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ এই হামলাকে মার্কিন বাহিনীর সক্ষমতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। একে ‘নীরব মৃত্যু’ আখ্যা দিয়ে তিনি বলেন, জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ মনে করে অবস্থান করছিল।
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোরে বন্দর নগরী গলের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থানকালে জাহাজটি থেকে বিপদের সংকেত পাঠানো হয়েছিল। উদ্ধারকারী দল ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও কয়েক ডজন এখনও নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা আশঙ্কা করছেন, অন্তত ৮০ জন নাবিক নিহত হয়ে থাকতে পারেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
রিপোর্টারের নাম 






















