অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান সাহিত্য উৎসবের একজন পরিচালক পদত্যাগ করেছেন। ফিলিস্তিনি বংশোদ্ভূত এক অস্ট্রেলীয় লেখকের অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিডনি থেকে প্রাপ্ত সংবাদে এ তথ্য জানা গেছে।
অ্যাডিলেড ফেস্টিভ্যালের পরিচালক লুইস অ্যাডলার মঙ্গলবার তার পদ থেকে সরে দাঁড়ান। ফেস্টিভ্যালের বোর্ড ফিলিস্তিনি-অস্ট্রেলীয় লেখক রান্ডা আবদেল-ফাত্তাহর অংশগ্রহণ বাতিল করার পর তিনি এই সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ অনেক লেখক ও অতিথি উৎসবটি বর্জন করেছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১৮০ জন শিল্পী ও অংশগ্রহণকারী উৎসব থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে আয়োজকদের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে লুইস অ্যাডলার বলেছেন, ইসরাইলপন্থী লবিগুলোর ‘চরম ও দমনমূলক চাপের’ ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন যে, শিল্পকলাকে এখন ‘অনিরাপদ’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং শিল্পীদের সমাজের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
অ্যাডলার আরও বলেন, বারবার ‘নিরাপত্তা’র অজুহাত দেখানো আসলে ভিন্নমত দমনের একটি কৌশল। তার অভিযোগ, এই যুক্তি কেবল একজন ফিলিস্তিনি আমন্ত্রিত লেখকের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়েছে।
গত সপ্তাহে উৎসব কর্তৃপক্ষ রান্ডা আবদেল-ফাত্তাহকে তাদের অংশগ্রহণের বিষয়ে আর অগ্রসর হতে চায় না বলে জানায়। এরপর থেকেই আন্তর্জাতিকভাবে পরিচিত এই সাহিত্য আয়োজনটি বিতর্কের মুখে পড়ে।
অ্যাডলার জানান, তার প্রবল আপত্তি সত্ত্বেও বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে আবদেল-ফাত্তাহের কিছু রাজনৈতিক মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছিল। বিশেষ করে, ২০২৪ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরাইলবিরোধী কঠোর ভাষা ব্যবহার করেন।
উৎসব বোর্ড দাবি করেছে যে, গত ১৪ ডিসেম্বর বন্ডি বিচে একটি ইহুদি উৎসবে গুলিবর্ষণের ঘটনায় ১৫ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে তারা গভীরভাবে উদ্বিগ্ন ছিল এবং আবদেল-ফাত্তাহকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি হালকাভাবে নেওয়া হয়নি।
তবে, আবদেল-ফাত্তাহ এই সিদ্ধান্তকে ‘স্পষ্ট ও নির্লজ্জ ফিলিস্তিনবিরোধী বর্ণবাদ’ বলে আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বন্ডির ঘটনার সঙ্গে তাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা ‘ঘৃণ্য ও ভিত্তিহীন’।
রিপোর্টারের নাম 























