মাঠের লড়াই শুরু হতে এখনো অনেক সময় বাকি থাকলেও ২০২৬ বিশ্বকাপ নিয়ে এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপের এই নায়ক দাবি করেছেন, আগামী বিশ্বকাপের সোনালি ট্রফি আবারও লিওনেল মেসির হাতেই উঠবে এবং ফাইনালে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পরাজিত করবে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বের সম্ভাব্য চিত্র তুলে ধরেন মার্টিনেজ। তার এই বিশ্লেষণ ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মার্টিনেজের মতে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মহাফাইনালে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে জয়ী হবে আলবিসেলেস্তেরা।
মার্টিনেজের এই ছকে বড় চমক হলো বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনের অনুপস্থিতি। তার মতে, স্পেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে না এবং শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে হেরেই তাদের বিদায় নিতে হবে। এছাড়া তিনি কোয়ার্টার ফাইনালের জন্য আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস ও মেক্সিকোকে সম্ভাব্য দল হিসেবে বেছে নিয়েছেন।
তার সমীকরণ অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড কলম্বিয়াকে, জার্মানি নেদারল্যান্ডসকে এবং ব্রাজিল মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাবে। অন্যদিকে, কাতার বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে ফ্রান্সকে আবারও হারিয়ে সেমিফাইনালে উঠবে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ শুরুর আগেও মার্টিনেজ একইভাবে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার কথা বলেছিলেন, যা শেষ পর্যন্ত সত্যি হয়েছিল।
রিপোর্টারের নাম 





















