জুলাই আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম নিহত ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন রুদ্র সেন। তার স্মৃতি ধরে রাখার জন্য সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় জলাধার। উদ্বোধনের ছয় মাস পার হলেও রুদ্র সেন লেকের আশপাশে নেই কোনো স্মৃতিফলক। উল্টো এ দর্শনীয় স্থানের কিছু অংশ ভরাট করে গ্যারেজ নির্মাণ করা হবে বলে জানা গেছে। এতে প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, উদ্বোধনের দীর্ঘ সময় পার হলেও জলাধারটির পাড়ে কিংবা আশপাশে রুদ্র সেনকে স্মরণ করে কোনো স্মৃতিফলক বা নামফলক স্থাপন করা হয়নি। তবে লেকের মাঝখানে ‘সাস্ট’ লেখা একটি নামফলক আছে। ফলে এটিকে বিশ্ববিদ্যালয়ের একটি সাধারণ দর্শনীয় স্থান হিসেবেই দেখছেন অধিকাংশ মানুষ।
এদিকে লেকের সৌন্দর্য বাড়ানোর পরিবর্তে এর কিছু অংশ ভরাট করে গ্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, এতে জলাধারের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে। গ্যারেজ নির্মিত হলে গাড়ি ধোয়ার পানি ও বর্জ্য লেকের পানিতে মিশে ইকোসিস্টেমে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।
রিপোর্টারের নাম 
























