আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল শুনানির দ্বিতীয় দিনে ২৭ জন প্রার্থীর প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ। রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে ৩৫টি আপিলের মধ্যে এই ২৭টি মঞ্জুর করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্যরা এই শুনানিতে অংশ নেন। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা এসব আপিলের দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে।
দ্বিতীয় দিনের শুনানিতে যেসব প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের হাসানাত আল আমীন, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির এস এ জাহিদ এবং রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। এছাড়া, ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম, কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী কামরুন্নাহার সাথী এবং জামালপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদীর আপিলও মঞ্জুর হয়েছে।
অন্যদিকে, এই দিনে ৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ, রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. হাবিবা বেগম এবং শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ উদ্দিন।
একই সাথে ৩ জন প্রার্থীর আপিল পেন্ডিং রাখা হয়েছে। কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেখার আহসানের আপিল এবং ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্যাহ খোকন ও ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের মিয়ার আপিল এই তালিকায় রয়েছে। পেন্ডিং থাকা প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আগামী ১৬ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























