জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ছিল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপচে পড়া ভিড়। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ১৩১টি আপিল জমা পড়েছে, যা নিয়ে শেষ দিনের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত আপিল বুথ থেকে জানা যায়, যদিও আপিল গ্রহণের নির্ধারিত সময় বিকাল ৫টা পর্যন্ত ছিল, তবে ওই সময়ের মধ্যে যারা ইসি ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবার আবেদন গ্রহণ করা হয়েছে। ফলে সন্ধ্যা গড়িয়ে গেলেও আপিলকারীদের দীর্ঘ সারি দেখা যায়।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এ প্রসঙ্গে বলেন, “আজকে বিকাল ৫টার মধ্যে যারা নির্বাচন ভবনে এসেছেন, তাদের সবার আপিল গ্রহণ করা হবে। যত রাতই হোক, আমরা তা শেষ করেই ফিরব।”
ইসির কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়েছিল।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে গণভোটের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে এক হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও, ৭২৩টি বাতিল করা হয়েছিল। বাতিল হওয়া এসব মনোনয়নের বিরুদ্ধেই প্রার্থীরা আপিল করছেন।
তফসিল অনুযায়ী, আপিল দায়েরের সময়সীমা ছিল ৫ থেকে ৯ জানুয়ারি। এসব আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
রিপোর্টারের নাম 
























