মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে চলমান সহিংস অভিযানের প্রেক্ষাপটে তিনি বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে তেহরানকে ‘নরক দেখতে হবে’। সাম্প্রতিক দমন-পীড়নের তীব্র সমালোচনা করে ট্রাম্প এই মন্তব্য করেন।
ট্রাম্প ইরানের শাসকগোষ্ঠীকে সতর্ক করে বলেছেন যে, শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করলে তার ভয়াবহ পরিণতি হবে।
জানা গেছে, সম্প্রতি ইরানের বিভিন্ন শহরে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ জোরালো হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা বাহিনীর কঠোর আচরণে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে স্বাধীনতা ও শাসন পরিবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছেন। এই বিক্ষোভ দমনে ইরান সরকার ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সীমিত করেছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
এর আগেও ট্রাম্প একাধিকবার ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে হত্যাকাণ্ড চালানো হলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না। সর্বশেষ মন্তব্যে তিনি একই সুর বজায় রেখে জানিয়েছেন, ইরানি জনগণের ওপর সহিংসতা চালালে তার কঠিন মূল্য দিতে হবে তেহরানকে।
অন্যদিকে, ইরান সরকার বরাবরের মতোই বিদেশি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। তেহরান জানিয়েছে, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ তারা মেনে নেবে না।
রিপোর্টারের নাম 























