আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের পথ রুদ্ধ হয়ে গেছে। ঋণ খেলাপির তালিকা থেকে তার নাম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, চেম্বার আদালত সেটি স্থগিত করে দিয়েছেন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী আইনিভাবে আবারও ঋণ খেলাপি হিসেবেই গণ্য হবেন এবং তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ প্রদান করেন। এদিন আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।
এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে সরিয়ে রাখার আদেশ দিয়েছিলেন। তবে সেই আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতের চেম্বারে আপিল আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। শুনানি শেষে আদালত হাইকোর্টের আগের আদেশটি স্থগিত করে দেন।
আইনজীবীরা স্পষ্ট করেছেন যে, চেম্বার আদালতের এই সিদ্ধান্তের ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের পথে আর কোনো আইনি বাধা রইল না। তিনি এখন ঋণ খেলাপি হিসেবেই চিহ্নিত থাকবেন।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বর্তমানে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
রিপোর্টারের নাম 






















