রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজপথে নামছে সংগঠনটি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামী শনিবার রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজা নামাজের আগে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনকে আসামি করে মামলাটি করেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। একই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গুলি করার পরপরই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মূল ঘটনার মাত্র ২০ মিনিট আগে বসুন্ধরা সিটির পেছনেও মুসাব্বিরকে লক্ষ্য করে একবার গুলি চালানো হয়েছিল। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















