ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাজধানী কারাকাসে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ ‘মিরাফ্লোরেস’-এর কাছে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গত শনিবার মার্কিন বিশেষ অভিযানের পর থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী দেশটিতে অনুপস্থিত রয়েছেন। এমন থমথমে পরিস্থিতির মধ্যেই সোমবার রাতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজ শপথ গ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর রাত ৮টার দিকে প্রাসাদের ওপর দিয়ে কিছু অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়। তৎক্ষণাৎ নিরাপত্তা রক্ষীরা ড্রোনগুলো লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গোলাগুলি খুব বেশিক্ষণ স্থায়ী না হলেও এর শব্দে পুরো কারাকাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাসাদ থেকে অল্প দূরে বসবাসকারী এক নাগরিক জানান, প্রায় এক মিনিট ধরে অবিরাম গুলির শব্দ শোনা গেছে। তিনি আকাশে কোনো বিমান না দেখলেও দুটি লাল রঙের আলো জ্বলতে দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা এবং আকাশে ‘ট্রেসার বুলেটের’ আলোর ঝলকানি দেখা গেছে।
প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে নতুন অন্তর্বর্তীকালীন নেত্রী দেলসি রদ্রিগেজের জন্য দেশের নিরাপত্তা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ড্রোন অনুপ্রবেশের ঘটনাটি ভেনেজুয়েলার ভঙ্গুর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আবারও সামনে নিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতিতে দেশটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 
























