তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে রাজধানীর বাইরে ডিবির দুটি দল একযোগে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন।
তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন সূত্রের তথ্য যাচাই করে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের শনাক্ত করা হচ্ছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত যারা আছেন, তারা যে পর্যায়েরই হোন না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে।”
শিক্ষার্থীদের দাবির বিষয়ে ডিসি রাকিব খাঁন বলেন, “শিক্ষার্থীদের মূল দাবি তাদের সহপাঠীর হত্যার বিচার। পুলিশও চায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডের বিচার হোক। এ জন্য শিক্ষার্থীদের সহযোগিতাও চাওয়া হয়েছে।”
উল্লেখ্য, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। এতে ফার্মগেটসহ আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরে যাবেন না। তাদের দাবি, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা না আসা পর্যন্ত ফার্মগেট সড়কে অবস্থান কর্মসূচি ও অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তারা।
গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন উচ্চমাধ্যমিকের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। ঘটনার চার দিন পর বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রিপোর্টারের নাম 






















