শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২ নভেম্বর। লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী এই ধাপে অংশ নেবেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার (১৯ অক্টোবর) রাত ১০টার পরপরই এই বিশেষ বিসিএসের ফল প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ করা হবে।
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থী যদি নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করেন, প্রতারণার আশ্রয় নেন, ভুল বা মিথ্যা তথ্য দেন, প্রয়োজনীয় তথ্য গোপন করেন অথবা তাঁর আবেদনে কোনো ত্রুটি পাওয়া যায়, তাহলে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে।
গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা কেন্দ্র ছিল শুধু ঢাকা মহানগরীতে। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী আবেদন করেছিলেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী—৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজগুলোতে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে মোট ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে প্রভাষক পদে আরও ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।
সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























