ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাদের এই পলায়নে সহায়তাকারী দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মেঘালয় রাজ্য পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত কমিশনার জানান, মেঘালয়ের তুরা এলাকায় জনৈক পুত্তি ও ট্যাক্সি চালক সামি ফয়সাল ও তার সহযোগীকে আত্মগোপনে সহায়তা করেন। এই দুই ভারতীয়কে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
নজরুল ইসলাম বলেন, “আমরা মেঘালয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ফয়সালের পাসপোর্ট আগেই ব্লক করা হলেও তারা অবৈধ পথ ব্যবহার করায় দেশত্যাগ ঠেকানো সম্ভব হয়নি।”
গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ফয়সালের আসল তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে জুমার নামাজ শেষে ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ পর্যন্ত এই মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রিপোর্টারের নাম 




















