ঢাকাসহ সারা দেশে শীতের প্রকোপ আরও বেড়েছে। ভোর ও রাতের দিকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় অনেক এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষ বেশি কষ্টে পড়ছেন। শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেক এলাকায় সকালে যান চলাচলেও বিঘ্ন ঘটছে।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, কিশোরগঞ্জের নিকলী এলাকায়। এতে করে মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ভোর ও সকালের দিকে কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে নগরজীবনে শীতের ভোগান্তি বেড়েছে।
এদিকে দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। কিশোরগঞ্জের নিকলীতে সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমেছে বেশ কয়েকটি জেলায়। রংপুরে ১১ দশমিক ৫, দিনাজপুরে ১০ দশমিক ৮, সৈয়দপুরে ১১, কুড়িগ্রামে ১২, বগুড়ায় ১১ দশমিক ৮, নওগাঁয় ১২ দশমিক ২, রাজশাহীতে ১২ দশমিক ৬ এবং ঈশ্বরদীতে ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়া ফরিদপুরে ১৩ দশমিক ৫, গোপালগঞ্জে ১২ দশমিক ৬, মাদারীপুরে ১৩, ময়মনসিংহে ১০, কুমিল্লায় ১১ দশমিক ৫, ফেনীতে ১২ দশমিক ৭, কুষ্টিয়ায় ১২ দশমিক ৩ এবং চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমান শীতপ্রবাহের প্রভাব আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রাত ও ভোরে শীতের অনুভূতি বাড়বে এবং কুয়াশার কারণে জনজীবনে ভোগান্তি তৈরি হতে পারে। প্রয়োজন ছাড়া ভোরের দিকে বাইরে বের না হওয়ার এবং যানবাহন চলাচলে সতর্ক থাকতে বলা হয়েছে।
আজকের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোর থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল ২৯ ডিসেম্বরের পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৩০ ও ৩১ ডিসেম্বরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোর থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও নিম্নাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে ১ জানুয়ারির পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। ভোর ও সকালের দিকে নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রিপোর্টারের নাম 




















