নির্বাচন কমিশনের প্রক্রিয়া সম্পন্ন করে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, নির্বাচন ভবন থেকে বের হয়ে তিনি সরাসরি বনানী কবরস্থানে যান। সেখানে প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এরপর ধানমন্ডিতে তার শ্বশুরের বাসা ‘মাহবুব ভবনে’ যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আজ দুপুর ১টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনের পেছনে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) যান তারেক রহমান। সেখানে তিনি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন। তার সাথে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন এবং তিনিও তার জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন।
এর আগে সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। শুরুতেই তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখান থেকে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত দফতরে যান।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বিকেলের শেষভাগে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তার সাথে সময় কাটাবেন। সব কর্মসূচি শেষে রাতে তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 

























