রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে সাভার-আশুলিয়াসহ বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা আসছেন জাতীয় স্মৃতিসৌধে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরের পর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে এ চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে আসছেন।
সাভার পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দেলোয়ার হোসেন বলেন, ‘আজ আমাদের জন্য আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি আজকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। তাই আমরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি।’
আমিনুল নামে একজন বলেন, ‘আমি ঢাকার ধামরাইয়ের থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি। তারেক রহমানের বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করেছে। আজ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন তাই আমরাও সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি।’
উপস্থিত নেতাকর্মীরা বলেন, ‘তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা অপেক্ষা করছি। এই দিনটি আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল।’
রিপোর্টারের নাম 
























