নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ‘সুন্দরবন-১৬’ নামের ঢাকাগামী লঞ্চের ধাক্কায় ‘কাশফা স্নেহা’ নামের একটি মাটি বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডটির কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা ধর্মগঞ্জ আফসার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘাটে।
নিখোঁজ শ্রমিক দুই জন হলেন- পটুয়াখালী জেলার জহিরুল ইসলাম শাকিল (২৫) ও ঝালকাঠির হাসান (২০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লা ধর্মগঞ্জের আফসার ফিলিং স্টেশনের সামনে বুড়িগঙ্গা নদীতে মাটি বোঝাই ‘কাশফা স্নেহা’ বাল্কহেডটি ঘাটে নোঙর করা ছিল। সকাল ৭টার দিকে ‘সুন্দরবন-১৬’ নামের ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ নদীর তীরে নোঙর করা বাল্কহেডটির পেছনের দিকে (কেবিন সাইটে) সজোরে ধাক্কা দিয়ে আঘাত করে। এতে বাল্কহেডটি মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ওপরে থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। আর ধাক্কা দেওয়ার পর লঞ্চটি ঢাকার দিকে চলে যায়।
স্থানীয়রা বলছেন, ঘন কুয়াশার কারণেই লঞ্চচালক নোঙর করা বাল্কহেডটি দেখতে পাননি। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে পাগলা নৌপুলিশ ফাঁড়ির ওসি আকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি পানিতে তলিয়ে যায়। এ ঘটনা এখন পর্যন্ত দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। এছাড়া বাল্কহেডটির বাকি শ্রমিকরা সাঁতরে তীরে উঠে গেছে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সুন্দরবন-১৬ নামের যাত্রীবাহী লঞ্চটি নদীর তীরে নোঙর করা মাটি ভর্তি বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ফলে বাল্কহেডটির পেছনের অংশ সঙ্গে সঙ্গে ডুবে যায়। পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে।
রিপোর্টারের নাম 
























