গাজীপুরের কালীগঞ্জে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে টঙ্গী-ভৈরব রেলপথের কালীগঞ্জের আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার দেয়ালটেক এলাকার মোবারকের স্ত্রী সাবিয়া আক্তার (২৪), একই গ্রামের ইসহাকের মেয়ে আনাবি (১১) এবং ইসহাকের শাশুড়ি নরসিংদীর রায়পুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত নজর উদ্দিনের স্ত্রী কমলা বেগম (৫৫)।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় আড়িখোলা রেলসেতু ও দেয়ালটেকমুখী রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তিন জন। পেছন দিক থেকে আসা ট্রেনের শব্দ শুনতে না পেয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, ‘কারও কোন ধরনের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিনা ময়নাতদন্তে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
রিপোর্টারের নাম 
























