বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও সেখানে নামবেন না তিনি। তবে তার আগমন উপলক্ষে এ বিমানবন্দরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে বহনকারী বিমানের আগমন ও বহির্গমনের সময় সাধারণ যাত্রীদের সঙ্গে কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। বিএনপির পক্ষ থেকে দলের নেতাকর্মীদের ওসমানী বিমানবন্দরে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঢাকার সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির অর্ধলক্ষাধিক নেতাকর্মী যোগ দিচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বাংলাদেশ বিমান ও বিএনপির দলীয় সূত্র জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-২০২) সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। সিলেটে ঘণ্টাখানেক যাত্রাবিরতির পর বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ অন্য সফরসঙ্গীরা।
মনিটরিং করা হচ্ছে সর্বোচ্চ পর্যায় থেকে
তারেক রহমানের সফরের বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে একাধিক সূত্র। সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ড্রোন দিয়ে ছবি তোলার বিষয়টিও বারণ করা হয়েছে। কেউ এ চেষ্টা চালালে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিমানের ফ্লাইট থেকে তারেক রহমান ওসমানী বিমানবন্দরে না নামলেও এ বিষয়ে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনও লেয়ার থেকেই কেউ ভেতরে ঢুকতে পারবে না।
বিমানবন্দরের ভেতর-বাইরে মোতায়েন থাকবে আইন-শৃংখলা রক্ষাকারী
সিলেট ওসমানী বিমানন্দরের ইনার-আউটারে (ভেতর-বাইরে) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, আনসার ও এপিবিএন সদস্যরা বিমানবন্দর ও আশপাশের এলাকায় অবস্থান করছে। ধোপাগুল ও কাকুয়ারপার এলাকায়ও মোতায়েন রয়েছে পুলিশ। বিমানবন্দর এলাকায় যাত্রীদের সঙ্গে কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। তবে, অসুস্থ, পঙ্গু ও প্রতিবন্ধী যাত্রীদের সঙ্গে দর্শনার্থীরা প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন।
ওসমানীতে বিএনপি নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ
সিলেট বিএনপির পক্ষ থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলের কোনও পর্যায়ের নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করা হয়েছে। কেউ এটা করলে তা সংগঠন বিরোধী হবে বলে দলের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। তবে সিলেট জেলা ও মহানগর বিএনপির অর্ধ লক্ষাধিক নেতাকর্মী ঢাকার সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, মঙ্গলবার রাত থেকেই দলের নেতাকর্মীরা তিনশ ফুট সংলগ্ন নিলা মার্কেটে অবস্থান করতে বলা হয়েছে। দলের নেতাকর্মীরা ট্রেন, বাস এমনকি মাইক্রোবাসে করে ঢাকার সমাবেশে যোগ দিচ্ছেন।
রিপোর্টারের নাম 
























