রাজধানীর মগবাজার ফ্লাইওভারে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ কোনও সংগঠনের ‘পরিকল্পিত সন্ত্রাস’ হিসেবে দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়। এতে বলা হয়, প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করাই ছিল এই হামলার মূল লক্ষ্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটের সময় মগবাজার নিউ ইস্কাটন রোডস্থ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে দাঁড়িয়ে ছিলেন সিয়াম। এ সময় মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা শক্তিশালী একটি ককটেল নিচে নিক্ষেপ করে। ককটেলটি সরাসরি সিয়ামের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিয়াম স্থানীয় একটি মোটর কার ডেকোরেশন দোকানে কর্মরত ছিলেন এবং তার বাড়ি খুলনার দিঘলিয়ায়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসের অংশ। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে গোয়েন্দা পুলিশ। ইতোমধ্যে এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই হামলা সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য থাকলে নাগরিকদের নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানানো হচ্ছে।
হাতিরঝিল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রিপোর্টারের নাম 























