বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী ঐক্য পরিষদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ সমাবেশের ডাক দেয় তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।
সীমান্ত সূত্র ও পেট্রাপোল বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা বাংলাদেশ অভিমুখে লং মার্চ করার চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটকে দেয়। পরে তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বাংলাদেশের দিকে মাইক লাগিয়ে বাংলাদেশবিরোধী উসকানিমূলক বিভিন্ন স্লোগান দেন। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।
এরপর ভারতের বনগাঁর বাটার মোড় এলাকা হয়ে বনগাঁর হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ ও সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আরেকটি বিক্ষোভ করা হয়। সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলে প্রায় ৯০ থেকে ১০০ জন অংশ নেন।
পরে সমাবেশে বক্তব্য দেন- বিজেপির এমএলএ অশোক কীর্তনীয়া এবং বিজেপির এমপি শান্তনু ঠাকুর। মিছিলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরাসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘শুনেছি পেট্রাপোলে সনাতনী ঐক্য পরিষদের একটি জমায়েত হয়েছে। তবে বাংলাদেশবিরোধী বিক্ষোভ হয়েছে কিনা, তা আমার জানা নেই।’
রিপোর্টারের নাম 
























