নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পাঁচ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
নিহতরা হলেন- হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্লাহ গ্রামের মহি উদ্দিনের ছেলে আলা উদ্দিন, জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের এর চাদু মাঝির ছেলে সামছু, তার ছেলে সিহাব ও একই এলাকার কাশেম ও আলা উদ্দিন মাঝি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনভর উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চরে এ গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নতুন জেগে ওঠা জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে। কিছু দিন পর পার্শ্ববর্তী সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে। এ নিয়ে দুই মাস ধরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে। এতে সামছু চরের দক্ষিণ পাশে চরকিং ইউনিয়নের সীমানায় আর উত্তর পাশে সুখচর ইউনিয়ন সীমানায় অবস্থান নেয় আলাউদ্দিন গ্রুপ।
একপর্যায়ে দুটি গ্রুপ আলাদাভাবে চরের জমি বিক্রি শুরু করে। ইতিমধ্যে অনেক লোক তাদের কাছ থেকে জমি ক্রয় করে চাষের প্রক্রিয়া শুরু করেন।
চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, নিহত পাঁচ জনের পরিচয় নিশ্চিত হয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























