চাঁদপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়তো জাতীয় রাজনীতিতে সামান্য প্রভাব ফেলতে পারে, তবে জাতীয় নির্বাচনে এর বিন্দুমাত্র প্রভাব পড়বে না।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমিতে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ইশরাক হোসেন জোর দিয়ে বলেন, দীর্ঘ সতেরো বছর ধরে ক্ষমতাসীন একটি ফ্যাসিবাদী সরকারের পতনের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজন, সেই সংস্কার করার মতো রাজনৈতিক শক্তি, মেধা ও প্রজ্ঞা বিএনপির রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘হেলথ কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। এই হেলথ কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে উন্নতমানের চিকিৎসা সুবিধা লাভ করবে।
স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ মানুষের ওপর গণহত্যা চালায়, তখন আওয়ামী লীগের নেতারা পালিয়ে গিয়েছিলেন। কিন্তু মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের ডাক দেন এবং সেখান থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এস এম মফিজুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা জাকির হোসেনসহ অন্যান্যরা। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় আট শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
রিপোর্টারের নাম 
























