খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বটিয়াঘাটা থানার দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আক্তার হোসেন (৪০) গল্লামারি এলাকার বাসিন্দা চাঁদ আলী মোল্লার ছেলে। নগরের বড় বাজার এলাকার একটি হোটেলে তিনি কাজ করেন। বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসাধীন আছেন।
আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সকালে তিনি বাড়িতে ছিলেন। ওই সময়ে পূর্বপরিচিত কয়েকজন তাকে ডেকে বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটায় নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই চার-পাঁচ জন তাকে লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতে কোপাতে থাকেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট বাপ্পা রাজ বলেন, ‘ধারলো অস্ত্রের আঘাতে তার ডান ও বাঁ হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁ হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য তা ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি আমরা।’
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা ভুক্তভোগীর পূর্বপরিচিত। সকালে তাকে বাড়ি থেকে ডেকে দারোগার ভিটা আলী নগর একটি বিলের মধ্যে নিয়ে গিয়ে দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলে চার জন উপস্থিত ছিল। তাকে কাজ দেওয়ার নাম করে ডেকে নেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’
রিপোর্টারের নাম 























