রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার দাবি করেছেন, ক্যাম্পাসে আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তার বক্তব্যে বিএনপি ও ছাত্রদল ক্ষুব্ধ হয়ে উঠেছে। এ প্রসঙ্গে তিনি ছাত্রদলকে উদ্দেশ করে ‘চাচা’ ও ‘চান্দাভাই’ শব্দ ব্যবহার করে হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে সালাহউদ্দিন আম্মার লিখেছেন, আল্টিমেটাম দিলাম আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা যদি ক্যাম্পাসে ঢুকে তাহলে জোহা চত্বরে বেঁধে রাখবো। এতে রেগে গেলো ক্যাম্পাসের ছাত্রদল আর বিএনপি। ছাত্রদল ও ছাত্রলীগ একই ভাষায় বিবৃতি দিলো, বিএনপিপন্থি শিক্ষকরা ভিসির কাছে নালিশ দিলো তারা নাকি ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে। বললাম লীগরে আর ভয় পাইতেছে বিএনপির টিচাররা।
তিনি লেখেন, আরেকটা পয়েন্টে আসি- ছাত্রদলের আহ্বায়ক ভিসির চেয়ারসহ পদ্মা নদীতে ফেলে দিতে চাইলো, এটার থেকে আমার কথাটা বড়? বিএনপির চেতনাবাজদের বিবৃতি কোথায়?
তিনি আরও লেখেন, ছাত্রদলের এক চাচা আজ ঘোষণা দিলো ৩০ মিনিটে তালা মেরে দেবে, বলি চাচা শোনেন। মোন দিয়ে শুনবেন। ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত কুকুর-বিড়ালের মতো এই ক্যাম্পাসে পড়ে থেকে ক্যাম্পাসের বোঝা হবো না। একদিন থাকলে থাকার মতো করেই থাকবো। একেকজন ১০/১২ বছর ক্যাম্পাসে থেকে কোন কল্যাণে আসছেন একটু ভেবে দেইখেন। রাকসুর সাধারণ সম্পাদকের গঠনতন্ত্র অনুযায়ী যা কাজ আছে, সব করতেছি কিনা একবার দেখে যাইয়েন, কাজ করার পরও যদি রাকসুতে আসছেন ১,২,৩,৪ করে দেবো। তার থেকে বড় কথা কোনও মেয়াদ উত্তীর্ণ অছাত্র রাকসুর আশপাশেও যেন না দেখি। তাদের জন্য রুয়া আছে, রাকসুতে তাদের কাজ নাই। আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করবো, সাহস থাকলে আসো চান্দাভাই।
রিপোর্টারের নাম 

























